মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বার্ষিক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী ইউএসএআইডির (মামনি) প্রকল্পের সহযোগিতায় কাদিরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও শিবচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবু সত্য রঞ্জন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি স্বাস্থ্য কেন্দ্রটি সারা দেশে প্রথম হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন: দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মামনি প্রকল্পের ফরিদপুর কার্যালয়ের সিনিয়র ম্যানেজার মো. মাকসুদুল হাসান, মাদারীপুর জেলা কার্যালয়ের ম্যানেজার সুমন কুমার বিশ্বাস, মুন্সী কাদিরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মচারীরা।
উল্লেখ্য, এ বছর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কাদিরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি সারাদেশের মধ্য প্রথম স্থান অর্জন করে।
ইত্তেফাক/এএএম
