মুখের রোগ সারায় পান

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৯:৪৩

l ফয়জুল আল আমীন

 

নিঃশ্বাসকে সুরভিত করার পাশাপশি ঠোঁট ও জিহবাকে লাল করার জন্য মানুষ পান খায়। বাংলাদেশে কেবল স্বভাব হিসেবেই নয়, বরং ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার-আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে। অনুষ্ঠানাদিতে পান পরিবেশনের মাধ্যমে প্রস্থানের সময় ইঙ্গিত করা হয়।

পান খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী পান খেলে ক্যানসারের মতো ভয়াবহ রোগকেও প্রতিহত করা সম্ভব। জেনে নিন পান খাওয়ার কিছু সুফল—

মুখের রোগ সারাতে :পান খেলে মুখের ভেতরের অ্যাসকরবিক অ্যাসিডের স্তর স্বাভাবিক থাকে বলে বিভিন্ন রোগ দূরে থাকে। পান খাওয়ার ফলে যে রস উত্পাদন হয় তা আমাদের দাঁত ও মাড়ি সুস্থ রাখে; মুখের দুর্গন্ধ দূর করে। পানের রস মুখের মধ্যে রক্তপাত বন্ধ করে।

হজমশক্তি বাড়াতে :সাধারণত খাওয়ার পর পান খাওয়া হয়। এটা করা হয় কারণ পান খাদ্য হজমে সাহায্য করে এবং গ্যাস-অম্বলও কমায়।

অস্থিসন্ধির ব্যথায় :পান বাতের ব্যথা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রে পান থেঁতো করে একটা কাপড়ের পুঁটলিতে ভরে নিয়ে গরম পানিতে ওই পুঁটলি ডুবিয়ে ব্যথার স্থানে সেঁক দিলে আরাম পাবেন।

গলা খুসখুসে :গলা খুসখুস করলে পান পাতার ৫ মিলিলিটার রস এক গ্লাস গরম পানিতে মিশিয়ে ধীরে ধীরে খেয়ে নিলে আরাম পাবেন। অনেক গায়ক গলা ভালো রাখতে এই টোটকা ব্যবহার করেন।

যৌনক্ষমতা বাড়াতে :পান যৌনশক্তি বাড়ায়। বিশেষ করে যৌন জীবন সতেজ রাখতে পানের গুণাগুণ অপরিসীম। এক্ষেত্রে পান খেতে হবে মধু বা কালোজিরার সঙ্গে মিশিয়ে। আবার তিনটি এক সঙ্গেও খেতে পারেন। টানা দুই সপ্তাহ খেলেই সুফল মিলবে।

পেটের ব্যথায় :পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য হলে পান পাতার ওপর নারকেল তেল লাগিয়ে কিছু সময় মোমবাতির ওপর ধরুন। তারপর সেই পান দিয়ে পেটে সেঁক নিলে ব্যথা থেকে মুক্তি মিলবে।

প্রস্রাবের কষ্টে :যাদের কিডনির রোগে প্রস্রাব করতে কষ্ট হয়— তাদের জন্য পান পাতা খুবই উপকারী। কারণ পান পাতার রয়েছে শরীর থেকে দ্রুত পানি বের করে দেওয়ার ক্ষমতা। তবে এক্ষেত্রে দুধের সঙ্গে পান পাতা বেটে খেতে হবে।

নাক থেকে রক্ত পড়লে :সান স্ট্রোক হওয়ার ফলে নাক দিয়ে রক্ত পড়লে একটা পান পাতা পাকিয়ে তা নাকের মধ্যে গুঁজে ধরতে হবে। একই সঙ্গে রোগীর মাথা পিছনের দিকে হেলিয়ে রাখতে হবে। এতে কিছুক্ষণের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

সর্দি কমাতে :বুকে সর্দি জমে গেলে সরিষার তেল আর পান পাতা ভালোভাবে গরম করে বুকে লাগাতে হবে। এছাড়া ঠান্ডাজনিত কারণে সর্দি হলে পান পাতা, এলাচ ও লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে গাঢ় করে খেলে সুফল মিলবে। এছাড়াও পান পাতা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে বলে খিদে বাড়ায়। পান পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল রাসায়নিক থাকে বলে পান পাতা বেটে ক্ষত স্থানে দিলে দ্রুত নিরাময় হয়।