ইত্তেফাক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় ওষুধ শিল্প সংশ্লিষ্ট ৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। গত সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা প্রাপ্ত সাতজন সংসদ সদস্য হলেন ঢাকা ১ আসনের সালমান এফ রহমান এমপি, নাজমুল হাসান এমপি কিশোরগঞ্জ ৬, ডা. আ ফ ম রুহুল হক এমপি সাতক্ষীরা ৩, ডা. হাবিবে মিল্লাত এমপি সিরাজগঞ্জ ২, মো. মামুনুর রশিদ কিরণ এমপি নোয়াখালী ৩, মো. এবাদুল করিম এমপি ব্রাহ্মণবাড়িয়া ৫ এবং আহসানুল ইসলাম টিটু এমপি টাঙ্গাইল ৬।
অনুষ্ঠানে নব নির্বাচিত এমপি সালমান এফ রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আগামী পাঁচ বছর হবে দেশের বেসরকারি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান এমপি, মহাসচিব এসএম শফিউজ্জামান, উপদেষ্টা আবদুল মোক্তাদির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
