বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে ‘ডায়লগ অন ডাটা প্রাইভেসি অ্যান্ড ডাটা প্রোটেকশন’ শীর্ষক একটি আলোচনা সভা অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনষ্ঠিত হয়। বাংলাদেশে ডেটা বা তথ্যের কোনও শ্রেণিবিন্যাস নেই এবং এর সুরক্ষার জন্য নেই কোনো সুনির্দিষ্ট গাইডলাইন। তাই ডেটা প্রাইভেসির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে বেসিস এই অনলাইন সংলাপের আয়োজন করে।
সংলাপে ভারতের স্বনামধন্য ল-ফার্ম খাইতান অ্যান্ড কো এর বিশেষজ্ঞ প্রতিনিধিগণ অংশ নেন। খাইতান ভারতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল ২০১৮ এর খসড়া তৈরিতে ভারত সরকারকে পরামর্শ প্রদানের কাজে নিয়োজিত রয়েছে। তারা ডেটা প্রাইভেসি ও প্রোটেকশনের উপর একটি উপস্থাপনা পেশ করেন। আলোচকগণ সেটির উপর ভিত্তি করে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সূচনা করেন এবং তিনি বাংলাদেশে ডেটা প্রাইভেসি এবং ডেটা প্রোটেকশন-এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ডেটা প্রাইভেসি ও ডেটা প্রোটেকশন দেশের প্রচলিত তথ্য অধিকার আইন দ্বারা পুরোপুরি সংরক্ষিত হচ্ছে না। তাই ব্যক্তি গোপনীয়তার অধিকার রক্ষার্থে তথ্য গোপনীয়তার অধিকার নিশ্চিত করতে বিরোধপূর্ণ যেকোনো আইন বাতিল ও সংশোধন করতে হবে। একই সাথে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার জন্য নতুন আইন ও নীতিমালা তৈরি এবং সরকারি-বেসরকারি সংগঠন দ্বারা ব্যক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্রচার ও প্রয়োগ করার ক্ষেত্রে ব্যক্তির সর্বাধিক নিয়ন্ত্রণ ক্ষমতা কিভাবে বজায় থাকবে তা নিশ্চিত করার লক্ষ্যে ডেটা সংরক্ষণ নীতিমালা প্রণয়ন করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তিনি বলেন, এ সংলাপের আলোকে বেসিস ডেটা প্রাইভেসি এবং ডেটা প্রোটেকশন বিষয়ে খসড়া একটি গাইডলাইন প্রস্তুত করে সেটি সরকারের সামনে উপস্থাপন করবে।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন- সুপ্রতীম চক্রবর্তী, পার্টনার, খায়তান অ্যান্ড কো, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি শামস মাহমুদ, ড. রোকন-উজ-জামান, অধ্যাপক, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্যারিস্টার কে.এম.তানজীব-উল আলম, অ্যাডভোকেট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ব্যারিস্টার মিতি সানজানা, অ্যাডভোকেট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং পার্টনার, লিগ্যাল কাউনে্সল, বাংলাদেশ আইপি ফোরাম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং কর্পোরেট ও মেধাসম্পদ আইনজীবী ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ প্রমুখ।
