ইত্তেফাক রিপোর্ট
বিগত ২০১৭ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় নতুন ২০১৯ সালেও বাংলাদেশের সব প্রকারের ব্যবসায়িক সেক্টরে ১০ শতাংশ বেতন বৃদ্ধি পাবে। স্বাস্থ্য, সম্পদ ও ক্যারিয়ার অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান মার্সারের ২০১৮ সালের ‘বাংলাদেশ টোটাল রেম্যুনারেশন সার্ভে (টিআরএস)’ জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে বাংলাদেশে পরিচালিত গবেষণার ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত মার্শ অ্যান্ড ম্যাকলেনান কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান মার্সার।
দেশের ভেতরে ভোগ্য পণ্য, লাইফ সায়েন্স, কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং, হাই-টেক সেক্টর, পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ও আর্থিক খাতে ৯০টিরও বেশি প্রতিষ্ঠানের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়। এছাড়া বিশেষ কিছু প্রতিষ্ঠানে জরিপের ক্ষেত্রে দেখা গেছে, বিক্রয়, প্রকৌশল ও বিজ্ঞান বিষয়ে দক্ষদের নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেশি।
মার্সার এর ওয়ার্কফোর্স রিওয়ার্ডস-এএমইএ, অ্যান্ড রিজিওনাল প্রাকটিস লিডার শান্তি নরেশ এ বিষয়ে বলেন, বিগত তিন বছর ধরে শক্তিশালী অর্থনীতি ও ধারাবাহিক ৭ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি হওয়ায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং একইসাথে প্রতিভার প্রতিযোগিতার ফলে দেশটির কর্মসংস্থান ডাবল ডিজিট হারে বৃদ্ধি পাচ্ছে।
জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিয়োগের সামগ্রিক বিষয়টি খুবই ইতিবাচক এবং প্রায় ৩৮ শতাংশ কোম্পানি তাদের কর্মী সংখ্যা বৃদ্ধি করতে প্রস্তুত। তবে ব্যবসায়িক দিক বিবেচনায় জনবল কমার তালিকার শীর্ষে অবস্থান করছে ভোগ্যপণ্য ও লাইফ সায়েন্স শিল্প। এই দুই খাতে জনবল কমেছে যথাক্রমে ১৮ ও ১৪ শতাংশ। এছাড়া ২০১৮ সালে সবচেয়ে কম বেতন বৃদ্ধির তালিকার শীর্ষে আছে পাইকারি ও খুচরা শিল্প খাতে। এ দুটি খাতে বেতন বেড়েছে ৯ শতাংশ।
