বিএসটিআই’র ‘মানচিহ্ন’ দেখে পণ্য কেনার আহ্বান

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসটিআই’র (বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট) মানচিহ্ন দেখে পণ্য কিনতে ভোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। পাশাপাশি তিনি বিএসটিআই কর্মকর্তা-কর্মচারিদের পণ্যের মানের বিষয়ে আপোষহীন থাকতে নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের মিলনায়তনে বিএসটিআইতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই’র পরিচালক মো. খলিলুর রহমান। এ সময় বিএসটিআই’র সকল উইংয়ের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে বিএসটিআই মহাপরিচালক বলেন, দেশের মানুষের কাছে গুণগত মানসম্পন্ন নিরাপদ পণ্য পৌঁছে দেয়া বিএসটিআই’র দায়িত্ব। তাই বিএসটিআই’র কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করতে হলে বিএসটিআইকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবে।