স্পোর্টস রিপোর্টার
দলে ডেভিড ওয়ার্নার থাকা মানেই বাড়তি একটা পাওয়া, আরেকটু ভালো করার তাড়না। সিলেট সিক্সার্স দলও তাই অধিনায়ক ওয়ার্নারকে সামনে রেখে টুর্নামেন্টে আরো সামনে এগিয়ে যেতে চায়, বিশেষ করে ওয়ার্নারের অভিজ্ঞতা থেকে শিখতে চায় দলটি। এমনটাই জানালেন সিলেটের আফিফ হোসেন ধ্রুব।
তিনি বলেন, ‘ওয়ার্নার যেহেতু ওপেনার, ব্যাটিংয়ের দিক থেকে অনেক কিছু শেখার আছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে কিভাবে কাজে লাগায়, টপ অর্ডারে কিভাবে ইনিংস গড়ে, এই জিনিসগুলো কাছ থেকে দেখে অনেক কিছু শেখার আছে।’
দলের মধ্যে ওয়ার্নারের ভূমিকাটা পরিষ্কার করে ধ্রুব আরো বলেন, ‘সবসময় দলের সবার সঙ্গে সম্পৃক্ত থাকছে সে, যখন অনুশীলন করছি বা হোটেলে থাকছি। অনেক মজা করছে। সবাইকে সবসময় একসঙ্গে রাখছে, যেটি দলকে খুব সাহায্য করছে। দল নিয়েই ওয়ার্নারের সাথে যা কথা হওয়ার হয়েছে আমার। ব্যাটিং-বোলিং নিয়ে আমার ভূমিকা কি দলে, সেটি নিয়ে কথা বলা হয়েছে।’ প্রথম ম্যাচটা হেরে গিয়ে একটু ব্যাকফুটেই আছে সিলেট সিক্সার্স। আজ তাই চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না তারা। আগের ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে ধ্রুব বলছেন, ‘প্রথম ম্যাচে রান খুব বেশি করতে পারিনি আমরা। তার পরও অনেক লড়াই করেছি। সেটিকে ইতিবাচক হিসেবে নিচ্ছি আমরা। এটিকে ধরে রেখেই পরের ম্যাচে আরও ভালো খেলতে চাই। এভাবেই এগোনোর পরিকল্পনা আমাদের।’
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং - তিন বিভাগেই দলের উন্নতির সুযোগ দেখছেন তিনি। বললেন, ‘যখন ব্যাটিংয়ে নামব, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেন ব্যাট করতে পারি। দলকে ভালো কিছু যেন দিতে পারি। বোলিং-ব্যাটিং এসব তো আছেই। বোলিংয়ে ভালো করার চেষ্টা করব। ফিল্ডিং তো ভালোই করতেই হবে।’
এদিকে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসে ভাসছে চিটাগং ভাইকিংস। দলের স্থানীয় পেসার আবু জায়েদ রাহী বলেন, ‘বলব আমাদের দলের প্রতি, দলের ক্রিকেটারদের প্রতি আমাদের অনেক বিশ্বাস আছে। প্রথমে যখন দল গোছানে হয়েছিল তখন মনে হয়েছিল দল ওতটা ভারসাম্যপূর্ণ না। কিন্ত প্রথম ম্যাচ জয়ের পর মনে হচ্ছে দলে অনেক ভারসাম্য আছে এবং প্রথম ম্যাচ জয়ের পর আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।’ বিপিএলে এবার সেরা দলগুলোর কাতারে থাকতে চায় চিটাগং ভাইকিংস। রাহী বলেন, ‘অবশ্যই, গত দুই আসর ধরেই চিটাগং পয়েন্ট টেবিলে শেষের দিকে ছিল। এবার আমাদের আশা আমরা যেন ফাইনাল খেলতে পারি।
যদিও, প্রথম ম্যাচে দুশ্চিন্তার কারণ ছিল চিটাগংয়ের ব্যাটিং। এখানে আরো উন্নতির সুযোগ দেখছেন রাহী। বললেন, ‘আমাদের দুই তিন জন ক্রিকেটার আছে যারা একাই অনেক কিছু করতে পারে। যেমন মুশফিক ভাই আছেন, উনি অনেকগুলা আন্তর্জাতিক ম্যাচ একাই জিতিয়েছেন। তাই ওনার উপর আমাদের আশা আছে। মোহাম্মদ শেহজাদ আছে ও ১৭ বলে ৫০ করেছেন, ও যদি ওর মতো খেলতে পারে তাহলে ভালো হবে। আবার সিকান্দার রাজা আছেন, উনি ভালো একজন ব্যাটসম্যান। ওনারা যদি ভালো কিছু করতে পারে তাহলে আমরা অবশ্যই বড় স্কোর করতে পারবো।’
