বিশ্বকাপ জয়ের চেয়েও বড়!

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে খেলার সুযোগ না পেলেও রবি শাস্ত্রি ছিলেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য। আর বিরাট কোহলি তো ২০১১ বিশ্বকাপের পুরো টুর্নামেন্টেই খেলেছেন। নিজেদের সেই বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েই তারা অস্ট্রেলিয়ার মাটির টেস্ট সিরিজ জয়কেই উপরে রাখছেন। শাস্ত্রী বলেন, ‘৮৩র বিশ্বকাপ বা ৮৫র চ্যাম্পিয়নশিপ- এসব টুর্নামেন্ট জয়ের সমানই এই জয়। কিংবা তার চেয়েও বেশি তৃপ্তির। কারণ কোহলিরা জিতেছে ক্রিকেটের সেরা সংস্করণ টেস্টে, অস্টেলিয়ায়। যেখানে জেতাটা সবচেয়ে কঠিন।’ সুর মিলিয়ে কোহলি বলেন, ‘আমি ২০১১ বিশ্বকাপ দলের সদস্য ছিলাম। তবে টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপ না জেতার আক্ষেপ আমাদের ছিল না। ঘরের মাঠে খেলেছি এবং জিতেছি- দলের সিনিয়রদের মধ্যে সেই আবেগটা হয়তো ছিল; কিন্তু দলের সবচেয়ে তরুণ সদস্য হিসেবে আমার মধ্যে আবেগটা সেই ভাবে ছিল না। হ্যাঁ, মুহূর্তটি আমার জন্য দারুণ ছিল; কিন্তু যদি জানতে চান কোন মুহূর্তটি বেশি আবেগপূর্ণ, আমি এই জয়টির কথাই বলব।’