ঠাকুরগাঁও-২ আসন

নৌকার মনোনয়নে বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৩

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-২ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাবা-ছেলেসহ আওয়ামী লীগের হাফডজন নেতা-কর্মী।

এরা হলেন বর্তমান এমপি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম, এমপির বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার, প্রয়াত ভাষাসৈনিক, এমএলএ ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দবিরুল ইসলামের সেজো ছেলে আহসান উল্লাহ ফিলিপ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন রিপা। মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মনোনয়ন প্রত্যাশীরা।

এদিকে একই আসনে বাবার বিরুদ্ধে ছেলে মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন ফরম কেনার খবরে ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তবে হরিপুর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, বাবার পক্ষে কাজ করতেই ছেলে মাজহারুল ইসলাম সুজন মনোনয়ন ফরম কিনেছেন। তবে বিষয়টিকে তারা নেতিবাচক হিসেবে বিবেচনা করছেন বলে জানা যায়।