আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বঙ্গবন্ধু শেখ হাসিনার মানবিক রাজনীতি থেকে বিএনপিকে রাজনীতি শেখার আহ্বান জানিয়েছেন। আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা হত্যার রাজনীতি বন্ধ করতে চান। তার ওপর বারবার আঘাত এলেও তিনি ( শেখ হাসিনা) কখনো হত্যার রাজনীতি করেননি। সেজন্যই তিনি হত্যার রাজনীতির বিরুদ্ধে অবিচল। বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই প্রবীণ নেত্রী আরো বলেন, পাপ কখনো চাপা থাকে না। তাদের (বিএনপি) পাপ বিশ্বব্যাপী প্রচার হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না। তাই রাজনীতি করতে চাইলে রাজপথে আসুন, রাজনীতি করুন। হত্যার রাজনীতি করবেন না।
