বাজে সময় কাটিয়ে উঠতে চায় খুলনা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:০২

স্পোর্টস রিপোর্টার

কাগজে-কলমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের খর্ব শক্তির দলগুলোর একটি খুলনা টাইটান্স। অতীতে এমন দল নিয়েই বিপিএলে ভালো করেছিল খুলনা। দলীয় পারফরম্যান্স দিয়ে সবার সম্মান আদায় করে নিয়েছিল। তবে এবারের চিত্রপট ভিন্ন। ষষ্ঠ আসরের শুরুতেই টানা দুই ম্যাচ হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৮ রানে হেরেছিল খুলনা।

গতকাল মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস ১০৫ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ বাহিনীকে। যে ম্যাচে তিন বিভাগেই প্রতিপক্ষের সামনে পাত্তা পায়নি খুলনা। বোলিংয়ে ছিল খরুচে বোলিং, ব্যাটিংয়ে ব্যর্থতার মিছিল সঙ্গে ফিল্ডিংয়েও কয়েকটি ক্যাচ ফেলেছে দলটি। এমন ভঙ্গুর দশা নিয়েই আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে খুলনা। বিকেল ৫টা ২০ মিনিটে শুরু হতে চলা ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী কিংস।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খুলনার পেস বোলার ডেভিড উইজ বলেছেন, দ্রুতই বাজে সময় কাটিয়ে উঠতে চায় দলটি। তিন বিভাগেই খারাপ করা পারফরম্যান্সে হতাশ তারা। দলীয় পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় ম্যাচের শুরু থেকেই ব্যাকফুটে ছিল খুলনা।

গতকাল সংবাদ সম্মেলনে উইজ বলেছেন, ‘আমার মনে হয় আজ (গতকাল) সবদিক থেকেই হতাশার ব্যাপার আছে। যখন আমরা বল করেছি নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি এবং ফিল্ডিংটাও সেরকমই হয়েছে বলে আমরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি। ১৯০ রান তাড়া করে ব্যাটিং সবসময়ই কঠিন এবং আমাদের ভাল শুরু দরকার ছিল। আর সেটা পুরো সময়েই ধরে রাখা জরুরি ছিল। আমাদের পিঠ প্রথম থেকেই দেয়ালে ঠেকে ছিল।’

আজ রাজশাহী কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চায় খুলনা। উইজ বলেছেন, ‘প্রথম ম্যাচে পারফরম্যান্সটা ভালোই হয়েছিল, যেহেতু বেশ কিছু ইতিবাচক ব্যাপার ছিল। কিন্তু আজ (গতকাল) এমন একটা বাজে দিন গেছে যেটাকে আপনার সবসময় পেছনে ফেলে রাখা জরুরি। আমরা আগামীকাল (আজ) রাতে খেলব এবং সে সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।’

দলীয় পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিতে বলেছেন ইংলিশ ক্রিকেটার উইজ। যদিও গতকাল ব্যাটিংয়ে হাড্ডিসার অবস্থা ছিল খুলনার। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছিলেন। ঢাকা আগে ব্যাট করে ছয় উইকেটে ১৯২ রান তুলেছিল। ১৯৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে জুনায়েদ সিদ্দিকী কিছুটা আক্রমণ করেছিলেন। নারিন, সাকিবদের মেরে ১৬ বলে ৩১ রান করেছিলেন এই বাঁ-হাতি ওপেনার। ব্যাট হাতে দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন পল স্টারলিং, জহুরুল ইসলাম, অধিনায়ক মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্তরা। আরিফুল হক অপরাজিত ১৯, শান্ত ১৩ রান করেছিলেন।

বোলিংয়ে খুলনা ২০-৩০ রান দিয়েছে বলেই মত উইজের। যা চাপ তৈরি করেছে ব্যাটসম্যানদের ওপর। গতকাল তিনি বলেছেন, ‘এখানে সবসময় রান তাড়া করাটা কঠিন। আমার মনে হয় এই উইকেটে তারা হয়তো ২০/৩০ রান বেশি পেয়েছে। শুরু করার জন্য এই উইকেট কোনোভাবেই সহজ নয় এবং আমার মনে হয় যখনি এর সঙ্গে মানিয়ে নেয়া যাবে খেলা সহজতর হবে।’