সীমিত ওভারে বিশ্রামে বুমরাহ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:০২

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের আগে হাতে আর খুব বেশি সময় বাকি নেই বললেই চলে। এর আগে দলের সেরা অস্ত্রগুলোকে তরতাজা রাখতে চেষ্টার কোনো কমতি করছে না ভারত। এরই অংশ হিসেবে বেশ বড় একটা সময় বিশ্রাম পাচ্ছেন দলের পেস আক্রমণের প্রাণভোমরা জাসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ডান-হাতি পেসার জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারত। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন সিদ্ধার্থ কউল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজে চার ম্যাচে ২১ উইকেট শিকার করেছেন বুমরাহ। নিঃসন্দেহে তিনিই সিরিজে পেস বোলিংয়ে ভারতের সেরা পারফরমার। তবে, এটাও সত্যি যে, বাকিদের চেয়ে বেশি চাপ নিয়ে খেলতে হয়ে তাকে। এ সিরিজে সবচে বেশি বোলিং করেছেন তিনি। চার ম্যাচে তাকে মোট ১৫৭.১ ওভার বল করতে হয়েছে। এ ছাড়া এক বছর ধরে প্রচুর ক্রিকেটও খেলছেন তিনি। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে আসন্ন দুই সিরিজে বুমরাহকে বিশ্রাম দিল ভারত।

বুমরাহর জায়গায় সুযোগ পাওয়া সিরাজ ভারতের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত ওয়ানডে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩১ ম্যাচে ৩৬ উইকেট শিকারের অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে দলে এসেছেন সিরাজ। সর্বশেষ রঞ্জি ট্রফির ম্যাচে তিনি পাঞ্জাবের বিপক্ষে নিয়েছেন সাত উইকেট। অন্যদিকে ফর্মে আছেন কউলও। কেরালা ও হায়দরাবাদের বিপক্ষে শেষ দুটি প্রথম শ্রেণির ম্যাচে তিনি নিয়েছেন মোট ১০ উইকেট। এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও তিনি তিন ম্যাচ সিরিজে পেয়েছিলেন সাত উইকেট। এর মধ্যে শেষ ম্যাচ নেন চারটি উইকেট। আগামী ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। এরপর নিউজিল্যান্ডের মাটিতে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ শুরু হবে আগামী ২৩ জানুয়ারি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, অম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্ডিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনশ্বের কুমার, মোহাম্মদ সিরাজ, খালেদ আহমেদ ও মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পান্থ, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ভুবনশ্বের কুমার, মোহাম্মদ সিরাজ, খালেদ আহমেদ ও সিদ্বার্থ কউল।