স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা দলের সাবেক কোচ জেরার্ডো টাটা মার্টিনোকে দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেক্সিকো। নতুন দলকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলানোর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন মার্টিনো।
আর্জেন্টিনা ছাড়াও ক্লাব ফুটবলে বার্সেলোনা ও আটলান্টা ইউনাইটেড এবং প্যারাগুয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন মার্টিনো। সম্প্রতি মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্টিনোর নিয়োগের ঘোষণা দেওয়া হয়। তবে বেশ কিছুদিন ধরে কলম্বিয়ান হুয়ান কার্লোস ওসোরিওকে নিয়ে মেক্সিকোর পরবর্তী কোচ হিসেবে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সপ্তাহব্যাপী জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মার্টিনোই দায়িত্ব নিলেন।
গত সাতটি বিশ্বকাপে প্রতিটিতে দ্বিতীয় রাউন্ড খেললেও কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন অধরাই থেকে গেছে মেক্সিকানদের। ২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে সেই অধরা স্বপ্নকেই পাখির চোখ করলেন মার্টিনো। সাবেক আর্জেন্টিনা কোচ বলেন, ‘বিশ্বকাপে পঞ্চম ম্যাচ খেলার স্বপ্ন নিয়ে আমি কাজ শুরু করব। কিন্তু তার আগে আমি সকলের মাঝে সুস্পষ্ট একটি ধারণা দিতে চাই। জাদুর স্পর্শে কেউ আমাদের বিশ্বকাপের ঐ জায়গায় নিয়ে যাবে না, কষ্ট করেই তা অর্জন করতে হবে।’
আগামী ২২ মার্চ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মার্টিনোর অধীনে প্রথমবারের মতো মাঠে নামবে মেক্সিকো। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে তারা। এর চারদিন পর মার্টিনোর সাবেক দল প্যারাগুয়ের মোকাবিলা করবে ‘এল ত্রাই’রা। জুন-জুলাইয়ে কনকাকাফ গোল্ড কাপের মাধ্যমে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দায়িত্ব পালন করবেন মার্টিনো।
