টাই ঢাকা চ্যাপ্টারে ফায়াজ ও রিয়াদ

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:২৬

>> জাহিদ হাসান দিপু

 

সম্প্রতি ঘোষণা করা হলো টাই ঢাকা চ্যাপ্টারের ২০২০-২০২২ পরিচালনা পর্ষদের জন্য নির্বাচিত সদস্যদের নাম। নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ম্যাগনিটো ডিজিটালের কো-ফাউন্ডার ফায়াজ তাহের। পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াদ হুসেইন।

ফায়াজ তাহের একাধারে একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী, মেন্টর এবং বাংলাদেশের স্টার্টআপ ও কমিউনিটিগুলোর একজন পৃষ্ঠপোষক। একই সঙ্গে তিনি ম্যাগনিটো ডিজিটাল এবং আপস্কিল নামের একটি এডুকেশন প্লাটফর্মেরও সহপ্রতিষ্ঠাতা। পাশাপাশি রিয়েল এস্টেট ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ফরচুনা গ্রুপের সঙ্গে পরিচালক পর্ষদের সদস্য হিসেবে সংযুক্ত রয়েছেন। এ বিষয়ে ফায়াজ তাহের বলেন, বাংলাদেশ যখন উদ্ভাবন এবং স্টার্টআপ ইকোসিস্টেমের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন এমন একটি সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আশা করি, সাবেক প্রেসিডেন্ট, চার্টার মেম্বার এবং নতুন বোর্ড সদস্যদের সহযোগিতায় আমরা টাই ঢাকা চ্যাপ্টারকে এক নতুন উচ্চতায় এবং সংগঠন হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব।

এদিকে টাই ঢাকা চ্যাপ্টারে পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্য রিয়াদ হুসেইন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন এনডিই সল্যুশনসে। এছাড়াও তিনি ম্যাগনিটো ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্বরত ছিলেন। এছাড়াও নতুন পরিচালনা পর্ষদে বোর্ড মেম্বার হিসেবে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সামির সাত্তার (প্রতিষ্ঠাতা ও প্রধান, সাত্তার অ্যান্ড কো.), নুসরাত আমান (প্রধান নির্বাহী কর্মকর্তা, আয়াত এডুকেশন), সিফাত সারোয়ার (সহপ্রতিষ্ঠাতা, শপআপ), আরমান হক (চেয়ারম্যান, ইনস্টার) এবং বিজন ইসলাম (সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, লাইটক্যাসেল পার্টনারস)।

জুমে অনুষ্ঠিত এই ডিজিটাল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক বোর্ড সদস্য সৈয়দ আলমাস কবির, হামিদুল মিসবাহ, তারেক ভুঁইয়া জুন, তাহসিন আমান, কান্তারা খান এবং মানতাসা আহমেদ। দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাই গ্লোবাল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহাভির শর্মা, ঢাকা চ্যাপ্টার-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শামীম আহসান, সোনিয়া বশির কবির এবং সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট রুবাবা দৌলা।