সন্তান যেন থাকে দুধে ভাতে

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:২৮

 

পরিবারের সবাই ব্যবসায়ী হওয়ার সুবাদে ব্যবসায়টা শুরু থেকেই খুব টানতো নুজহাত তাবাসসুম জাফরিনকে। তবে কী নিয়ে ব্যবসা করবেন তা নিশ্চিত ছিলেন না। নিজের সন্তানের বয়স যখন ৬/৭ মাস, তখন তিনি মাস্টার্সের ছাত্রী। সন্তানের চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে, শিশুর পুষ্টিবিদের সঙ্গে কনসাল্ট করে, শিশুর স্বাস্থ্যের ওপর বিভিন্ন এক্সপার্ট জার্নাল স্টাডি করে সেই আলোকে নিজেই সন্তানের জন্য খাবার তৈরি করতেন। সেইসঙ্গে তার তৈরি বেবিফুড রেসিপিগুলো ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতেন। তা দেখে অনেক মা দেখে বললেন, ‘আপনি তৈরি করে আমাদের কাছে সেল করতে পারেন।’ এবং সেই থেকে শুরু। ২০১৬ সালের জুলাইয়ে হোমমেইড ফুডের প্রথম অর্ডার নেওয়া শুরু করেন জাফরিন। চাহিদা ও গ্রাহকের ফিডব্যাক ভালো পাওয়ায় আগস্ট মাসেই ফেইসবুকে ‘Homemade food for babies by Jafrin’ পেজ চালু করেন। সেই থেকে আজ পর্যন্ত গ্রাহকদের সন্তুষ্টি সঙ্গে নিয়ে এখনো পথ চলছেন তিনি। জাফরিন বলেন, ‘আমার ব্যবসার টার্নিং পয়েন্ট এসেছে আমার পরিবার থেকেই। আমার সন্তান থেকে। সন্তানের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গিয়েই শুরু করলাম বেবিফুড নিয়ে কাজ। এরপর সেই কাজই হয়ে গেলো আমার পরিচয়। আমার আব্বু, আম্মু, স্বামী ও শাশুড়ি সর্বাত্মকভাবে সাপোর্ট দিয়েছেন; কারণ তারা চান— আমি ভালো থাকি, স্বাবলম্বী থাকি, আনন্দে থাকি।’

ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে জাফরিন বলেন, ‘আমি চাই পরবর্তী প্রজন্মকে নিরাপদ খাদ্যের মাধ্যমে সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যত্ উপহার দিতে। আমার ‘Homemade food for babies by Jafrin’ সারাদেশের সকল মায়ের আস্থার জায়গা যেমন অর্জন করেছে, তেমনটা ধরে রাখুক।