শ্রমিক ধর্মঘটে অনেকটাই অচল হয়ে পড়েছে ভারত। গতকাল মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। শ্রমিক বিরোধী নীতি করার প্রতিবাদে গতকাল ছিল তাদের ১৮তম ধর্মঘট। ১২টি দাবিতে এর আগে তারা ধর্মঘট করলেও সরকার তাতে কর্ণপাত করেনি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার
ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যাদের সঙ্গে যুক্ত আছে ২০ কোটি শ্রমিক। শ্রমিক নেতাদের অভিযোগ, সরকার শ্রমিকবিরোধী নীতি করছেন। এর মাধ্যমে কোটি কোটি শ্রমিকের জীবন-জীবিকার ওপর আঘাত আসবে। তারা ট্রেড ইউনিয়ন অ্যাক্ট-১৯২৬ এর সংশোধনীর বিরোধিতা করে ধর্মঘটের ডাক দিয়েছে। আজ বুধবারও ধর্মঘট চলবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সংগঠনগুলোও এক বিবৃতিতে ধর্মঘটে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।
ধর্মঘটের কারণে দেশের বাস, নৌ ও রেল যোগাযোগে ব্যাঘাত ঘটেছে। কেরালায় একটি ট্রেনকে থামিয়ে দেয় শ্রমিকরা। কেরালার রাষ্ট্র নিয়ন্ত্রিত সড়ক পরিবহন সংস্থা জানিয়েছে, তারা বেশিরভাগ স্থানে গাড়ি চালাতে পারেনি। এজন্য ধর্মীয়, সামাজিক ও পর্যটকদের বিভিন্ন কর্মসূচি স্থগিত করা হয়। ব্যাংক ইউনিয়নগুলোর তথ্যমতে, ব্যাংকের প্রায় ২২ হাজার কর্মচারী ধর্মঘটে অংশ নেয়। অনেক স্কুল-কলেজও বন্ধ থাকে। ছত্তিশগড়ের খনিতে শ্রমিকদের অনেকেই কাজে অংশ নেয়নি। রাজ্যের অধিকাংশ স্থানে গাড়ি চলেনি। কর্ণাটকে শ্রমিকদের ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তা এবং সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ হয়। এছাড়া পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট চলে।
