সতীর্থদের সতর্ক করলেন কোহলি

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:১১

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এবারের আইপিএল। আইপিএলকে সামনে রেখে নানা নিয়ম মেনে আরব আমিরাতে পৌঁছাচ্ছে দলগুলো। সেখানেও অনেক নিয়ম মানতে হবে। এই অবস্থায় নিয়ম মানা মানে যেচে রোগ ডেকে আনা। তাই হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ব্যাঙ্গালুরু চ্যালেঞ্জার্স সতীর্থদের সতর্ক করে দিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, নিয়ম না মানলে কঠিন পরিণতি হবে।

দেশে কয়েক দফায় করোনা ভাইরাস পরীক্ষা করিয়ে সব ক্রিকেটারকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পৌঁছে সবাইকে রাখা হচ্ছে হোটেল কোয়ারেন্টাইনে। ছয় দিনের মধ্যে তিন দফা পরীক্ষায় নেগেটিভ আসার পর অনুমতি মিলছে টুর্নামেন্টের ‘জীবাণুমুক্ত’ পরিবেশে ঢোকার। এর পরও টুর্নামেন্ট চলার সময় প্রতি পাঁচ দিনে একবার করে পরীক্ষা করানো হবে সবার।

কোহলি বলেছেন, এখানে যে নিয়ম করা হয়েছে, তা সবাইকে পুরোপুরি মানতে হবে, ‘আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা পুরোপুরি মানতে হবে এবং আমি আশা করব, সবসময় সব নিয়ম আমরা মেনে চলব, নিশ্চিত করব যেন এখানে সামান্যতম আপস করতে না হয়। কারণ, কোনো একজনের একটি ভুলও গোটা টুর্নামেন্ট শেষ করে দিতে পারে। আমরা কেউই নিশ্চয়ই তা চাই না।’

কেউ নিয়ম ভাঙলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেটির ধারণা দিয়ে রাখলেন ব্যাঙ্গালুরুর ক্রিকেট অপারেশন্স পরিচালক মাইক হেসন, ‘নিয়ম ভাঙা হলে তা খুব গুরুতরভাবে দেখা হবে। দুর্ঘটনাবশত কেউ কিছু করে ফেললে, তাকে আলাদা করে ফেলা হবে এবং আইসোলেশনে সাত দিন রেখে কয়েক দফা পরীক্ষায় নেগেটিভ হলে আবার দলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। কেউ ইচ্ছে করে কিছু করে ফেললে তার ফল হবে ভয়াবহ। টুর্নামেন্ট শুরুর আগেই সবাইকে একটা কাগজে স্বাক্ষর করতে হবে, যেখানে নিয়ম ভাঙার সম্ভাব্য ফল উল্লেখ থাকবে।’