আওয়ামী লীগ রংপুর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক পিপি এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় গতকাল মঙ্গলবার ময়নাতদন্তকারী দুই চিকিত্সকের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এরা হলেন, রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল জলিল ও তার সহকারী প্রভাষক ডা. জান্নাতুল ফেরদৌসী। এ নিয়ে এ মামলায় ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ মামলার সরকারি আইনজীবী (পিপি) আব্দুল মালেক এ তথ্য জানিয়েছেন।
বাদী সুশান্ত ভৌমিক জানান, রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এ বি এম নিজামুল হক সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। গত অক্টোবরের ৩০ তারিখ থেকে এই হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরুর আগে বাবু সোনার স্ত্রী আসামি স্নিগ্ধা সরকার ওরফে দীপাকে আদালতে নিয়ে আসা হয়। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বসুনিয়া মো. আরিফুল ইসলাম স্বপন।
গত বছরের ২৯ মার্চ বাবু সোনাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। লাশ তাজহাট মোল্লাপাড়ায় শিক্ষক কামরুলের ভাইয়ের নির্মাণাধীন বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়। ৩ এপ্রিল মধ্যরাতে বাবু সোনার স্ত্রী দীপাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব আটক করে। তিনি এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে গ্রেফতার হন দিপার কথিত প্রেমিক শিক্ষক কামরুল ইসলাম, বাবু সোনার সহকারী মিলন মোহন্ত, ছাত্র মোল্লাপাড়া এলাকার সবুজ ইসলাম ও রোকনুজ্জামান।
