টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক পাচারকারী নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:০৯

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক পাচারকারী নিহত ও তিন র্যাব সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা, বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, বুলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনকারী পরিত্যক্ত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

র্যাব জানায়, সোমবার রাত আড়াইটার দিকে ১৪নং ব্রিজ এলাকায় টেকনাফ হতে শহরগামী একটি কাভার্ডভ্যান চেকপোস্ট অতিক্রমকালে র্যাব থামার জন্য নির্দেশ দেয়। তখন গাড়ি থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি করে। এতে র্যাবের টেকনাফ ক্যাম্পের কর্পোরাল নুরুল ইসলাম, এএসআই মোহাম্মদ কাশেম, মোহাম্মদ রাশেদ আহত হয়েছে। কিছুক্ষণ পর মাদক পাচারকারী চক্র পিছু হটলে ঘটনাস্থল থেকে দু’টি মৃতদেহ, ৪০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটার গান ও ১১ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহূত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। মৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট বড়বাড়িয়ার মো. ইব্রাহীম শেখের পুত্র মো. সাব্বির হোসেন (২৫) ও ঢাকা সাভার নগর কুন্ডার আব্দুল মতিনের পুত্র হাফিজুর রহমান (৩৫) বলে জানা গেছে।

টেকনাফ র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মো. শাহ আলম জানান, মাদক বহনকারী গাড়িটি র্যাবের চেকপোস্ট অতিক্রমের পর থামানোর চেষ্টা করলে র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণের পর দু‘পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় র্যাবের ৩ সদস্য আহত হয়। ঘটনাস্থল হতে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।