মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত আর নেই। তিনি সি আর দত্ত নামে অধিক পরিচিত ছিলেন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বয়েন্টন বিচের বেথেসডা সাউথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
কয়েক বছর ধরে ছেলেমেয়েদের সঙ্গে নিউইয়র্কে বসবাস করে আসছিলেন সি আর দত্ত। বড় মেয়ে মহুয়া দত্ত এবং ছেলে ডা. রাজা দত্ত সেখানেই থাকেন। গত বছরের শেষদিকে ফ্লোরিডায় ছোট মেয়ে কবিতা দাসগুপ্ত হ্যাপির বাসায় চলে যান সি আর দত্ত। মার্চে করোনা ভাইরাসের প্রকোপ বাড়লে নিউইয়র্কে না ফিরে তিনি ফ্লোরিডাতেই থেকে যান।
সি আর দত্তের জামাতা প্রদীপ দাসগুপ্ত সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার বাথরুমে পড়ে গিয়ে ডান পায়ের গোড়ালি ভেঙে যায় তার শ্বশুরের। হাসপাতালে নেওয়ার পর তার পায়ে অস্ত্রোপচার করা হয়। তিনি অ্যাজমার রোগী ছিলেন। সার্জারির পর তার শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়, কিডনিও অচল হয়ে পড়ে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে সংজ্ঞা ফেরানো সম্ভব হলেও পরে অবস্থার আরো অবনতি হয়। সোমবার দুপুরে চিকিত্সকরা তাকে ফেরানোর আশা ছেড়ে দেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেক্টর কমান্ডার সি আর দত্তকে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করতে চান তারা। তার আরেক মেয়ে কানাডা থেকে ঢাকায় যাচ্ছেন বাবার মরদেহ গ্রহণ করার জন্য।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক: মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পৃথক শোকবার্তায় তারা বলেন, মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ রাখবে। তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি রাশেদ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক রেজাউল বারী, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক ড. জিয়াউদ্দীন আহমেদ প্রমুখ।
জেপির শোক: সি আর দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বীর উত্তম সি আর দত্তের বীরত্বপূর্ণ অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার পরলোকগমনে দেশ একজন দেশপ্রেমিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধাকে হারালো। আমরা তার আত্মার শান্তি কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
