জোটে কোনো টানাপড়েন নেই :কাদের

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:১৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকদেরই মন্ত্রী সভার সদস্য মনোনীত করেছেন। এ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পরদিন গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।

নতুন মন্ত্রিসভায় পুরনো অনেকে বাদ পড়া এবং নতুনদের জায়গা হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে, বাদ পড়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রিত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না বাদের কোনো ব্যাপার আছে এখানে, বাদের কোনো ব্যাপার নেই, কাজের রূপান্তর হয়েছে মাত্র।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকই নির্বাচিত করেছেন। ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেবো এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো।

এদিকে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, তিনটি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরিয়াস। তিনি সেভাবেই মন্ত্রিসভা সাজিয়েছেন। তিনি আরও বলেন, দুর্নীতির মামলায় কিন্তু আমাদের অনেক এমপি কারাগারে। যে জন্য আমরা বদিকে নমিনেশন দেইনি। তার স্ত্রীকে আমরা নমিনেশন দিয়েছি টেকনাফ অঞ্চলে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলবে, যে অভিযান শুরু হয়েছে এটা আরো জোরদার হবে।

ওবায়দুল কাদের বলেন, বিশেষ করে মাদক সুনামির মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এখনই জিরো টলারেন্স যদি আমরা প্রদর্শন করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের তরুণ সমাজের জন্য এটা অশনি সংকেত হয়ে যাবে। কাজেই মাদকের ব্যাপারটা ফাস্ট প্রায়োরিটি, মাদকের সঙ্গে করাপশনও আছে। তিনি বলেন, আর একটা বিষয় হলো আমরা এবার সুশাসনের বিষয়ে অধিকতর মনোযোগ দেবো। এসব বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ফেসেস নিয়ে তার কেবিনেট সাজিয়েছেন।