আওয়ামী লীগের নেতৃত্বাধীন নবগঠিত সরকারকে পুরোপুরি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে নতুন সরকার নিয়ে প্রতিক্রিয়া জানানো হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।
মির্জা ফখরুল বলেন, সংসদ নির্বাচনে জনগণ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেনি। তাদেরকে ভোট দিতে দেয়া হয়নি। গোটা জাতি তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। কোনো নির্বাচনই তো হয়নি। সংসদ গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরি প্রত্যাখ্যান করেছি। এই সরকার নিয়ে মন্তব্য করা তো হাস্যকর ছাড়া আর কিছু না। সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে, নীলনকশা অনুযায়ী ভোটের আগের রাত্রে নৌকা ও লাঙ্গল মার্কায় সিল মেরে বাক্স ভর্তি করে এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। বিএনপি এখন কী করবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এখন যা করার তা করবে। জনগণের দল হিসেবে গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে জনগণের সরকারের জন্য।
এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা ফখরুল বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু সরকার আছে। আপনারা চিন্তা করেন না কেন, গোটা জাতি বঞ্চিত হয়েছে। একবারও ভাবেন না, তারা গোটা বাঙালি জাতিটাকে প্রতারিত করল। আপনাদের মনে আবেগ আসে না যে, আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি? যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন করেছি- আজ সেই চেতনা ধূলিসাত্ করা হয়েছে কিছু লোকের দখলদারিত্বের জন্য।
