লক্ষ্মীপুরের রামগতিতে ফুটবল খেলা শেষে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে নিখোঁজ মো. রাকিব হাসান রুবেলের (২০) মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার চর সেকান্দর সফিক একাডেমির (উচ্চবিদ্যালয়) পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। সোমবার সন্ধ্যায় সফিক একাডেমি মাঠে ফুটবল খেলার পর ওই পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর মঙ্গলবার দুপুরে চাঁদপুর দক্ষিণ নদীর ফায়ার স্টেশনের ডুবুরি দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রামগতি স্টেশনের সদস্যরা যৌথভাবে ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করে। রুবেল উপজেলার চর আলগী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চর সেকান্দর গ্রামের মো. বাবুলের ছেলে। সে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম আজাদ জানান, উপজেলার চর সেকান্দর সফিক একাডেমির মাঠে ফুটবল খেলা শেষে সোমবার সন্ধ্যায় রুবেল বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে রামগতি স্টেশনের ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। পরে মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান চালিয়ে পুকুর থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রামগতি স্টেশনের সাব-অফিসার মো. সেলিম জানান, প্রায় এক একরের ওই পুকুরটির গভীরতা রয়েছে ২০-৪০ ফুটের মতো। প্রথম দফায় উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপুর দক্ষিণ নদীর ফায়ার স্টেশনের ৪ সদস্যের একটি ডুবুরি দল আনা হয়। ওই ডুবুরি দল এবং ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুরের গভীর তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রুবেলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
