দশ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আপিল কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বেঞ্চের একজন বিচারপতি মামলাটির শুনানি গ্রহণে অপরাগতা প্রকাশ করায় তা কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ইত্তেফাককে বলেন, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভবানী প্রসাদ সিংহ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক থাকাকালে এই মামলার আসামিদের জামিন আবেদনসহ বিভিন্ন আবেদনের ওপর আদেশ দিয়েছেন। এজন্য নৈতিক কারণে তিনি মনে করেছেন এখন মামলাটির শুনানি করা ঠিক হবে না। এ কারণে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। তিনি বলেন, মামলার নথি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি হাইকোর্টের অন্য একটি ডেথ রেফারেন্স বেঞ্চে নিষ্পত্তির জন্য পাঠাবেন।
