বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে অবৈধভাবে সৌদি আরবে থাকা ১৩ রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। সোমবার রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে সৌদি আরব থেকে পৌঁছানো ওই ১৩ মিয়ানমার নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রাত সোয়া ৮টা পর্যন্ত ১৩ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক পুলিশের ইমিগ্রেশন শাখার কর্তৃপক্ষের হেফাজতে ছিল।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, সৌদি সরকার সে দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশি পাসপোর্টধারী ১৩ ব্যক্তিকে আটক করে। গতকাল একটি বিমানে করে তাদের বাংলাদেশে পাঠানো হয়। রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছার পর তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। গতকাল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বাংলাদেশি পাসপোর্টধারী ১৩ জনই মিয়ানমারের নাগরিক। তারা বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়েছে। অন্য দেশের নাগরিক হয়ে বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে অবৈধভাবে আরেকটি দেশে যাওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর পুলিশের সূত্র জানায়, যে ১৩ জন মিয়ানমার নাগরিক ঢাকায় ফেরত পাঠানো হয়েছে তারা হলেন ওমর ফারুক, মো:সালিম, মো:আরিফ, আবদুল মজিদ, খাজা মাঈনুদ্দীন, হাসিবুর রহমান, নাজিম বিল্লহ, জামাল হোসেন, শামসুল আলম, আমানউল্লাহ, বকুল, মিজানুর রহমান ও মো:মিয়া। তারা নিজেদের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, জয়পুরহাট, পাবনা, ঝিনাইদহ, মাদারীপুরেরবাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে পাসপোর্ট করেছে। তাদের প্রত্যেকেই ওমরাহ বা হজের জন্য তিন মাসের ভিসা নিয়েছিলেন। নির্দিষ্ট সময় পরও দেশে ফিরে না যাওয়ায় সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেদ্দার সুমাইসি কারাগারে ছিলেন।
বিমানবন্দর থানার ওসি জানান, গতকাল রাত সাড়ে ৮ টা পর্যন্ত ফেরত আসা বাংলাদেশি পাসপোর্টধারী ১৩ নাগরিককে থানায় দেওয়া হয়নি। তারা বিমানবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে রয়েছেন। এ বিষয়ে মামলাও হয়নি। যদি মামলায় হয় তাহলে আটক রোহিঙ্গাদের আদালতে পাঠাবে পুলিশ। এরপর আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
সূত্র জানায়, যে ১৩ জন ফিরে এসেছেন তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফেরত আসা ১৩ মিয়ানমার নাগরিকের কারও কাছেই চুক্তিপত্র নেই। তারা সাময়িক ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে অবৈধ হয়ে যায়। ফিরে আসা রোহিঙ্গাদের একজনের চট্টগ্রাম শহরে বাড়ি রয়েছে। সাধারণত তারা কক্সবাজার বা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বললেও, এই রোহিঙ্গারা বেশ ভালো বাংলায় কথা বলেন। বাংলাদেশিদের সঙ্গে চেহারার মিল থাকায় তাঁদের আলাদা করাও কঠিন। গত ৬ জানুয়ারি মিডল ইস্ট আই অনলাইন সৌদি আরব থেকে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের ঢাকায় পাঠানো হচ্ছে এমন একটি খবর প্রকাশ করে। ফেরত পাঠানোর আগে রোহিঙ্গা নাগরিকেরা গোপনে ভিডিও ও অডিও রেকর্ড করেন এবং সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করেন। সেখানে তারা প্রকাশ করেন, তারা কেউ বাংলাদেশি নয়, কিন্তু তাদের বাংলাদেশেই ফেরত পাঠানো হচ্ছে।
আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ( এপিবিএন) বিমানবন্দর জোনের এসপি রাশেদুল ইসলাম জানান, ওই ১৩ মিয়ানমার নাগরিক ২০১৪ ও ২০১৫ সালের দিকে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরব গিয়েছিল। এরপর তারা সেখানে ধরা পড়ে কারাগারে যায়। কারাগারে তাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে পুলিশের ইমিগ্রেশন শাখার পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
