আজকাল নবাবনন্দিনী

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৮:৫৭

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

এই করোনাকালে বলিউডের বেশিরভাগ তারকাই ঘরবন্দি হয়ে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেছেন। একঘেঁয়েমি কাটাতে তাদের কেউ কেউ হঠাত্ করেই ঘরের বাইরে বেরিয়ে পড়ছেন। বাইরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, নয়তো সাইকেল নিয়ে রাস্তায় ছুটে বেড়াচ্ছেন। এই তো কয়েকদিন আগে নতুন প্রজন্মের অভিনেত্রী সারা আলি খানকে দেখা গেলো ভাই ইবরাহিমের সঙ্গে বৃষ্টিমুখর দিনে নির্জন রাস্তায় সাইকেল নিয়ে রেসিং করছেন। ভাইবোনের মজার সাইকেল রেসিংয়ের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সারার হাতে কোনো কাজ নেই এই করোনাকালে। বাড়িতে বসে থাকতে থাকতে রীতিমতো হাঁপিয়ে গেছেন। অলস সময় আর কাটছে না যেন। গা-ঝাড়া দিতে তাই মাঝে মধ্যে হুটহাট বাইরে বেরিয়ে পড়ছেন বলিউডের নবাব খান্দানের এই কন্যা। ২৫-এ পা রাখা সারা বাবা-মা ও দাদির পদাঙ্ক অনুসরণ করে হিন্দি চলচ্চিত্রের অঙ্গনে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন দুই বছর আগে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে। আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়েটি পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায়ই এসেছে গ্ল্যামার জগতে। বাবা প্রখ্যাত চিত্রতারকা সাইফ আলি খান একসময় মেয়ের সিনেমায় আসাটাকে তেমন পছন্দ না করলেও পরে অবশ্য তাতে সমর্থন দিয়েছেন। আর মা একসময়ের বলিউড নায়িকা অমৃতা সিং মেয়েকে সিনেমায় অভিনয়ে নামতে গাইড করেছেন নানাভাবে। অভিনেত্রী হিসেবে নিজের উজ্জ্বল সম্ভাবনার স্ফূরণ ঘটিয়েছেন সারা প্রথম অভিনীত ছবিতেই। ‘কেদারনাথ’ ছবিতে তার চমত্কার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। দ্বিতীয় ছবি ‘সিমবা’ বক্স অফিসে বড় ধরনের সাফল্য পেয়েছে। পরপর দুই ছবির সাফল্য সারাকে বলিউডে মোটামুটি একটা অবস্থান করে দিয়েছে। স্রেফ বাবা-মায়ের পরিচয়েই নয়, আপন যোগ্যতা ও মেধাগুণে এই তারকাকন্যা নিজেই নিজের এগিয়ে যাওয়ার পথ সৃষ্টি করেছেন। বলিউডের নির্মাতা, দর্শক, সমালোচক, বোদ্ধা সবাই সারাকে নিয়ে আশাবাদী এবং আস্থাশীল হয়েছেন। তবে এ বছরের শুরু দিকে মুক্তি পাওয়া সারা অভিনীত তৃতীয় ছবি ‘লাভ আজকাল টু’র চরম ব্যর্থতা সবাইকে বেশ হতাশ করেছেন। প্রথমত, ছবিটির নির্মাণে নানা দুর্বলতা এবং এ ছবিতে সারার বাজে অভিনয় রীতিমতো বিরক্ত করেছে। তার অতি নাটুকেপনা সবাইকে অবাকও করেছে। সারা শুরুতে যে সম্ভাবনার চমক দেখিয়ে মুগ্ধ এবং আশাবাদী করেছেন— বলিউডকে ‘লাভ আজকাল টু’ ছবিতে তার অধঃপতন ব্যথিত করেছে সবাইকে। এ ছবিতে এক সঙ্গে কাজ করতে গিয়ে নায়ক কার্তিক আরায়নের সঙ্গে ঘনিষ্ঠতা জমে উঠলেও এখন তা নেই বলে জানা গেছে সাম্প্রতিক কিছু ঘটনার মাধ্যমে। করোনা দুর্যোগ শুরু না হলে এতদিনে সারা আলি খানের আকেরটি নতুন সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তি পেয়ে যেত। ১৯৯০-এর দশকের সাড়া জাগানো কমেডি রোমান্টিক অ্যাকশন ছবিটির রিমেকে সারা প্রথমবারের মতো নায়ক বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন। পুরোপুরি কমার্শিয়াল ঘরানার এ ছবিতে সারাকে ভিন্নরূপে দেখবেন দর্শক। সারা বর্তমানে আরেকটি নতুন ছবি ‘আতরাঙ্গি রে’-তে অভিনয় করছেন। অক্ষয় কুমার ও দক্ষিণী অভিনেতা ধানুশের সঙ্গে দ্বৈত চরিত্রে তাকে দেখা যাবে ছবিটিতে। এখন অবশ্য কাজ বন্ধ রয়েছে ছবিটির। চলতি বছরে আরো অনেক নতুন সিনেমার কাজ নিয়ে সারার তুমুল ব্যস্ত হয়ে ওঠার কথা ছিল। কিন্তু করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবকিছুই স্থবির হয়ে আছে। এই সংকটকাল কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলিউডে। অন্য অনেক তারকার মতো সারাও সেই সুন্দর সময়ের অপেক্ষা করছেন। গত বেশ কিছুদিন ধরে বলিউডে তারকাপুত্র-কন্যাদের প্রতি প্রভাবশালী প্রযোজক, পরিচালক, অভিনেতাদের বিশেষ পৃষ্ঠপোষকতা বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অনেকেই। কিন্তু তাতে পরিস্থিতি, প্রেক্ষাপট পাল্টায়নি। সারা আলি খানের মতো তারকাকন্যা আগামী দিনগুলোতে বলিউডে মধ্যমনি হয়ে ওঠবেন আপন যোগ্যতা এবং বিশেষ পৃষ্ঠপোষকতায় তেমনটি প্রত্যাশা করা যায় অনায়াসেই। পতৌদির নবাবনন্দিনী ক্যারিয়ারের শুরুতে সম্ভাবনার যে আলো জ্বেলেছেন, অনেকের মনে মুগ্ধতার ছোঁয়া দিয়েছেন তা আগামীতেও বজায় থাকবে আশা করছি।