আবারও বিজ্ঞাপনে প্রশংসিত

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৮:৫৭

র ফি কু ল  ই স লা ম

 

একজন মডেল হিসেবেই মিডিয়াতে তানভীন সুইটি প্রথম বেশি আলোচনায় আসেন। আফজাল হোসেনের নির্দেশনায় ডায়মন্ড ব্র্যান্ডের তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই দর্শকের কাছে সমাদৃত হন তিনি। পরবর্তীকালে আরো বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন। তবে একসময় অভিনয়ে বেশি ব্যস্ত হয়ে ওঠেন তানভীন সুইটি। দর্শকের কাছে মডেল সুইটির গ্রহণযোগ্যতা সবসময়ই একটু অন্যরকম ছিল। তাই বিজ্ঞাপনে কাজ করার প্রতি সুইটি সবসময়ই আগ্রহ প্রকাশ করেছেন। গত ঈদের আগে সুইটিকে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। পিপলুর নির্দেশনায় মুন্নু সিরামিকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটিতে সুইটির নান্দনিক উপস্থিতি দর্শককে মগ্ধ করেছে। বিরতির পর নতুন এই বিজ্ঞাপন দিয়ে আবারো আলোচনায় এসেছেন তিনি। দর্শক এবং সহকর্মীরা সুইটিকে ভিন্নভাবে বিজ্ঞাপনে মডেল হিসেবে উপস্থিতির প্রশংসাই করছেন। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘এর আগে আমার যতদূর মনে পড়ে—নিরমার একটি বিজ্ঞাপনে দেশের বাইরে শুটিংয়ে অংশগ্রহণ করেছিলাম। পিপলুর নির্দেশনায় এই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আমার দেশের বাইরের কথাই বারবার মনে হচ্ছিল। কারণ আমাকে শুধু ক্যামেরার সামনে নিজেকে দাঁড় করানো ছাড়া আর কোনোকিছু নিয়েই ভাবতে হয়নি। পূর্ণ মনোযোগ দিয়ে আমি কাজটি করতে পেরেছি বলেই কাজটির জন্য বেশ সাড়াও পাচ্ছি। আমাদের দেশে বিজ্ঞাপন নির্মাণ যে আন্তর্জাতিক মানের হয়েছে তা নিজে এই কাজটি করে উপলব্ধি করতে পেরেছি। আমার কাছে খুব ভালো লেগেছে কাজটি করে। আর এটাও সত্যি, মুন্নু সিরামিক তার আগের ঐতিহ্য এখনো ধরে রাখতে পেরেছে।’ এদিকে এরইমধ্যে শামীম আহম্মেদ রনির নির্দেশনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’-এর কাজ শেষ করেছেন। তানভীন সুইটি জানান বঙ্গবন্ধু খুন হওয়ার পরের দু’দিন তাজউদ্দিন আহমেদ এবং তার স্ত্রীর মধ্যকার আলাপচারিতা, ঘটনা নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। মুজিব বর্ষে প্রচারের জন্যই এটি নির্মিত হয়েছে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করাটাকে তানভীন সুইটি ভীষণ সৌভাগ্যের বলেও দাবি করেছেন।