দুদকের অভিযান

সুস্থ কয়েদিরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে ভর্তি

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের হাসপাতালে সুস্থ কয়েদিদের ভর্তি করা হচ্ছে বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযান চালিয়ে প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে। এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বিশ্বাস, সহকারী পরিচালক মোঃ রাউফুল ইসলাম এবং উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা এ অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, অভিযানকালে দুদক টিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের জন্য হাসপাতাল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১৭০ শয্যাবিশিষ্ট উক্ত হাসপাতালে দুই-তৃতীয়াংশ সিটই সুস্থ কয়েদিদের দখলে। হাসপাতালের সিটে আয়েশি ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় তাদের। পরিদর্শনকালে কিছু কক্ষে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওভেন ইত্যাদিও ব্যবহার করতে দেখা গেছে। এমনকি কারাগারে অবস্থানের পর থেকেই অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে মাসের পর মাস হাসপাতালে বিলাসবহুল জীবন যাপন করছে।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, কারাগারের এ দুর্নীতির ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, দুর্নীতিতে জড়িতদের চিহ্নিত করে দুদক অনুসন্ধান শুরু করবে এবং আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করবে।