লেবাননে হিজবুল্লাহর সীমান্ত চৌকিতে হামলা ইসরাইলের

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:০৩

রয়টার্স, আল জাজিরা

লেবাননের শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে ইসরাইল। সীমান্তে লেবানন থেকে তাদের সেনাদের দিকে গুলি ছোড়ার পর বুধবার প্রথম প্রহরে কয়েকটি ইসরাইলি হেলিকপ্টার ও বিমান হামলাগুলো চালায় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

লেবাননের ভূখণ্ড থেকে ঐ গুলিবর্ষণের ঘটনায় কোনো ইসরাইলি সেনা আহত হয়নি বলে জানিয়েছেন তারা। এই গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় ইসরাইলি সেনারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও পালটা গুলিবর্ষণ করে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। ‘গুলিবর্ষণের জবাবে রাতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অ্যাটাক হেলিকপ্টারগুলো ও বিমান সীমান্ত এলাকায় সন্ত্রাসীগোষ্ঠী হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্টগুলোতে আঘাত হেনেছে,’ বিবৃতিতে বলেছে ইসরাইলি বাহিনী। এ বিষয়ে তাত্ক্ষণিকভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মাসে ইসরাইল অভিযোগ করে বলেছিল, লেবানন সীমান্ত দিয়ে ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল হিজবুল্লাহ; তখন তা অস্বীকার করেছিল লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠীটি। তারপর থেকে ইসরাইল-লেবানন সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। গুলি ও পালটা হামলার এসব ঘটনা চলাকালে রাতভর নিজেদের সীমান্ত এলাকায় কারফিউ জারি করে রেখেছিল ইসরাইলের সামরিক বাহিনী, সকালে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

লেবাননের ব্লু লাইনে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে—হিজবুল্লাহর এমন দাবির চার দিন পর এ হামলার ঘটনা ঘটল। ইসরাইল জানিয়েছে, লেবাননের সীমান্ত চৌকিতে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের সেনাবাহিনী এক টুইটে জানিয়েছে, আমরা সীমান্তে হিজবুল্লাহর পর্যবেক্ষণ চৌকিতে বিমান হামলা ও গোলাবর্ষণ করেছি। তারা আরো জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সীমান্তে আমরা আমাদের নিরাপত্তা রক্ষায় ও যে কোনো হুমকি মোকাবিলায় সব সময় প্রস্তুত আছি।