ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
সখীপুর (টাঙ্গাইল): বুধবার দুপুরে সখীপুরে মালবাহী মাহিন্দ্র ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংর্ঘষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ওই অটোভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান (৮৫) এবং তার স্ত্রী আছিয়া খাতুন (৭৫)।
সখীপুর থানার ওসি আমীর হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ওই ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
গোপালগঞ্জ:বুধবার সকালে গোপালগঞ্জে মোটর সাইকেল চাপায় এক কৃষক নিহত হয়েছেন। তার নাম মনোজ পোদ্দার (৪০)। তিনি জেলার তেতুলিয়া গ্রামের মণিমোহন পোদ্দারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম কৃষক মনোজের মৃত্যু নিশ্চিত করে জানান, নিহতের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বুধবার সকালে পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম জহিরুল ইসলাম (৩০)। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার ভাদগা গ্রামের মনাদ্দি মোহাম্মদের ছেলে।
সাঁথিয়া (পাবনা): সাঁথিয়া উপজেলার কোরিয়ালে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম শহিদ (৪০)। তিনি উপজেলার আতকশোভা গ্রামের মৃত জাহের আলীর ছেলে। দুর্ঘটনায় তিন নারী আহত হয়েছেন।
মাধপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল খালেক জানান, শ্যামলী পরিবহনের একটি বাস একটি ভ্যানকে চাপা দিলে ভ্যান যাত্রী শহিদ নিহত হন। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
বেলকুচি (সিরাজগঞ্জ): বুধবার দুপুরে বেলকুচিতে অটোভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সুমিত দাস (৪)। সে পৌর এলাকার চালা গ্রামের সুমন দাসের ছেলে।
বেলকুচি থানার ওসি (তদন্ত) নুরে আলম জানান, দুর্ঘটনায় ওই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
টেকেরহাট (মাদারীপুর): রাজৈরে বুধবার সকালে বাসের ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার নাম সজিব বেপারী (৩০)। তিনি একই উপজেলার সুতারকান্দি গ্রামের মান্নান বেপারীর ছেলে। ওসি জিয়াউল মোর্শেদ দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।
নাটোর: বুধবার ভোররাতে নাটোর-রাজশাহী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মহিলা সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মমতাজ বেগম (৫০)। তিনি নাটোর সদর উপজেলার কুড়িয়াপড়া গ্রামের নূরুল ইসলামের স্ত্রী। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া: বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-চিনাইর সড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম শাহ্ জালাল(৩৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
