জমি নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২, ছেলের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৩৯

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ উভয় পক্ষের দুইজন নিহত ও দশজন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি সদস্যের মৃত্যুর সংবাদ শুনে তার মা মারা গেছেন। 

নিহতরা হলেন-ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ইউপি সদস্য জয়নাল আবদীন (৬০) ও নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের রিয়াজুল হক (৫০)। এ সংঘর্ষে উভয় পক্ষের আরও দশজন আহত হয়েছেন। ইউপি সদস্য জয়নাল আবদীনের মৃত্যুর সংবাদ শুনে তার মা জয়নবী বেগম (৮০) মারা গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, রাজনগর গ্রামের আব্দুস সালাম ও রিয়াজুল হকের মধ্যে জমিজমা নিয়ে বেশকিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। রিয়াজুল হক চলতি মৌসুমে তর্কিত জমিতে রোপা আমন ধান রোপণ করেন। আব্দুস সালামের লোকজন ওই জমি দখল করতে গেলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বারোজন গুরুতরভাবে আহত হন। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের পক্ষের ইউপি সদস্য জয়নাল আবদীন ও রিয়াজুল হকের মৃত্যু হয়। ইউপি সদস্য জয়নাল আবদীনের মৃত্যুর সংবাদ শুনে তার মা জয়নবী বেগম মারা যান। 

আরও পড়ুন: এই বছরই মাঠে গড়াতে পারে প্রিমিয়ার লিগ হকি

সংবাদ পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী (সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। উভয় পক্ষ থেকেই মামলার প্রস্তুতি চলছে বলে জানান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল। 

ইত্তেফাক/এএএম