সৈয়দ আশরাফের কুলখানি অনুষ্ঠিত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:২২

বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,  সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি গতকাল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত এ কুলখানিতে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষের ঢল নামে।

বিকাল সাড়ে ৪টায় মিলাদ ও দোয়া মাহফিল শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কুলখানিতে যোগ দেন। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচারকগণ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ, মরহুমের পরিবারের সদস্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মরহুমের পরিবার যৌথভাবে এ মিলাদ মাহফিলের আয়োজন করে।

মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, আব্দুল মতিন খসরু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সৈয়দ আশরাফের ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সৈয়দ শরীফুল ইসলাম, চাচাত ভাই সাফায়েতুল ইসলাম, বোন রূপা ও লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী, বিচারপতি, আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, কৃষিবিদ, ডাক্তার, সাংবাদিক, কবি, সাহিত্যিকসহ হাজার হাজার সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। এছাড়া ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শহীদ এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ইন্তেকাল করেন।