সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২৩:১২

সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। পরে বুধবার (২৬ আগস্ট) দুপুরে মর্টারশেলটি ধ্বংস করা হয়। স্থানীয় ভিত্রিখেল হাওরে সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মর্টারশেলটি ধ্বংস করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের হাবিব আহমেদ নামক এক ব্যক্তি তার লেবু বাগান পরিচর্যায় বাগানের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন খনন করেন। খননের এক পর্যায়ে বাগানে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে  পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি মর্টারশেল বলে নিশ্চিত করেন।

আরো পড়ুনঃ কালাইয়ের মাটিতে বিদেশি তরমুজ চাষ

পরবর্তীতে মর্টারশেলটি পাহারায় পুলিশ মোতায়েন করা হয়। পরে এটি উদ্ধার এবং নিষ্ক্রিয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অধিনায়ক মেজর সাবরিনা সারোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা মর্টারশেলটি ধ্বংস করেন।

এ সময় ক্যাপ্টেন সায়াদ মাহমুদ, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিলোল রায়, এসআই যীশু দত্ত, এসআই আবুল হোসেন ও প্রতাপপুর বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম