ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বিদ্যুৎস্পৃষ্টের হাত থেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে তাদের বাবা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আইয়ুব আলীর বসতঘরের পূর্ব পাশের বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। আহত তাদের বাবা মো. আলম বক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম বক্তার ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে আলম বক্তার তার তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিনে তার শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান।
এ সময় গাছ কাটার কাজের একপর্যায়ে বিদ্যুতের একটি ছেঁড়া তার দেখতে পান আলম বক্তার। তারটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গাছের নিচে থাকা ছেলে রাকিব এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা আরেক ছেলে রহিম তাদের উদ্ধার করতে নিচে নামলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে বাবা ও দুই ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও রহিমকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা আলম বক্তার সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান
বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
