২০২২ সালের মধ্যেই শেষ হবে পদ্মা সেতুর নির্মাণকাজ :অর্থমন্ত্রী

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০০:০৪

আগামী বছরের জুন মাসে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস আর বন্যার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ২০২২ সালের মধ্যেই এই প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে। গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, করোনার মতো কোনো ভাইরাস নিয়ে আমরা চিন্তা করিনি। তাই ২০২১ সালের মধ্যে কাজ শেষ হবে বলে বলা হয়েছিল। সেভাবেই কাজ এগোচ্ছিল। করোনা ভাইরাসের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। আশা করি, ২০২২ সালের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে।

সেতু নির্মাণকাজ শেষ হতে সময় বেশি লাগার জন্য পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়াদ আরো ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এজন্য সরকারের ব্যয় হবে ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার টাকা। এতে প্রকল্প বাড়বে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ব্যয় যা ছিল তাই থাকবে। প্রকল্প ব্যয়ে এটি ইতিমধ্যে ধরা ছিল। সেখান থেকে সমন্বয় করা হবে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রায় ৭৯৫ কোটি টাকা ব্যয়ে ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।