অসদুপায়ে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে জামিন দিয়েছে হাইকোর্ট। এই মামলায় আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন। আবেদনের পক্ষে আইনজীবী আব্দুল মতিন খসরু ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
অসদুপায়ে সম্পদ অর্জনের অভিযোগে তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে গত ৩০ জুলাই মামলাটি করে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, উনি চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উত্স দুদক পায়নি। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ঐ টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
