ফুটবল খেলা নিয়ে সৃষ্ট কলহে এক কিশোরের ঘুসিতে প্রাণ গেল অপর কিশোরের। গতকাল বুধবার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দক্ষিণ রাজারকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর আব্দুর রাজ্জাক মাঝি (১২) দক্ষিণ রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির ছেলে এবং রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের মামা ইলিয়াস মাঝি জানান, গতকাল রাজ্জাক ফুটবল খেলার জন্য দক্ষিণ রাজারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। সেখানে ফুটবল খেলা নিয়ে বাগিবতণ্ডার এক পর্যায়ে স্থানীয় মৃত ফোরকান হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার রাজ্জাককে ঘুসি মারে। এসময় রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিত্সক ডা. তন্ময় মজুমদার জানান, স্কুলছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ফুটবল খেলা নিয়ে বাগিবতণ্ডার এক পর্যায়ে রাজ্জাকের ঘাড়ে ঘুসি মারে মেহেদী নামে আরেক স্কুলছাত্র। এতেই ঘটনাস্থলে রাজ্জাকের মৃত্যু হয়। মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। রাজ্জাকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
