নোংরা পরিবেশে বেকারির বিভিন্ন ধরণের খাদ্যপণ্য তৈরি এবং মানবদেহের জন্য ক্ষতিকর নিম্নমানের রং, পোড়া পাম তেল ব্যবহার করায় অভিযানের সময় পৌর শহরের মেসার্স গ্রামীণ বেকারিকে ভ্রাম্যমাণ আদালত ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। এছাড়া, উৎপাদন হওয়া পণ্যের প্যাকেটে লেখা ছিল অগ্রিম তারিখ। প্রতিষ্ঠানটিতে ছিল না কোনো পণ্যের মূল্য তালিকা।
বুধবার (২৬ আগস্ট) বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মেসার্স গ্রামীণ বেকারিতে নোংরা পরিবেশে মানহীন পণ্য উৎপাদন, পোড়া তেল ও ক্ষতিকর রং ব্যবহারে বিষয়টি ধরা পড়ায় এই জরিমানা করা হয়।
এসব অনিয়মের অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেন। পরে আদালত পোড়া তেল, নিম্নমানের রং জব্দ করে উপস্থিত লোকজনের সামনে ধ্বংস করেন।
আরো পড়ুনঃ দ্বীপ ভাড়া দেবে চীন!
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা। অভিযানের সময় বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো: শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে অর্থদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় অর্থদণ্ড দেওয়া হয়।’
ইত্তেফাক/এমএএম
