এন্ডারসনের নতুন চ্যালেঞ্জ ৭০০ উইকেট

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১০:১১

সাউদাম্পটন টেস্টে পাকিস্তানের অধিনায়ক আজহার আলীকে শিকার করে ক্রিকেট ইতিহাসে প্রথম পেসার হিসেবে টেস্টে ৬শ উইকেট পূর্ণ করেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসন। বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ছয় শ ক্লাবের সদস্য হন তিনি।

৩৮ বছর ২৬ দিন বয়সে টেস্টে ৬শ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ বিশ্বকে চমকে দেয়ার মতই। কিন্তু এখানেই ক্ষান্ত হতে চান না এন্ডারসন। তার লক্ষ্য টেস্টে ৭শ উইকেট। ৬শ উইকেট শিকার পূর্ণ করার দিনে এমন ঘোষণা দিলেন এন্ডারসন।

এন্ডারসনের লক্ষ্য পূরণের পথ দেখিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও বর্তমান অধিনায়ক জো রুট। বয়স বিবেচনায় না নিয়ে আগামী অ্যাশেজ পর্যন্ত এন্ডারসনকে খেলে যাবার অনুরোধ করেছে ইসিবি। তাতে সায় দিয়েছেন রুট।

ইনজুরির কারণে গত অ্যাশেজে পুরো সিরিজ খেলতে পারেননি এন্ডারসন। ২০১৯ সালের আগস্টে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ ওভার বল করে মাঠে বাইরে চলে যান তিনি। এরপর আর বোলিং বা ফিল্ডিংএ দেখা যায়নি তাকে।

ঐ ম্যাচের পর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরেন এন্ডারসন। কিন্তু ইনজুরির কারণে সিরিজে দু’টি টেস্টের বেশি খেলতে পারেননি।

২০০৩ সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা জার্সি গায়ে জড়ান এন্ডারসন। গেল ১৭ বছরের ইংল্যান্ডের হয়ে টেস্টে ১৫৬ টেস্টে ৬শ উইকেট নিলেন তিনি।

ক্যারিয়ারে ইনিংসে ২৯বার পাঁচ বা ততোধিক উইকেট ও ম্যাচে ৩বার ১০ উইকেট নিয়েছেন এন্ডারসন। দেশের মাটিতে ৮৯ টেস্টে ৩৮৪ উইকেট, বিদেশের মাটিতে ৬১ টেস্টে ১৯৪ উইকেট ও নিরপেক্ষ ভেন্যুতে ৬ টেস্টে ২২ উইকেট নিয়েছেন এন্ডারসন।

ইত্তেফাক/এমআর