জীবননগর-দত্তনগর সড়কের নারিকেল বাগান নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বারের ধাক্কায় ইজি বাইকের যাত্রী দাদী মনোয়ারা খাতুন (৫০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ একই পরিবারের ৫ জন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হুসরখালী গ্রামের গোলাম হোসেনের স্ত্রী মনোয়ারা পরিবারের অসুস্থ নাতনীকে চিকিৎসার জন্য রাতে ব্যাটারি চালিত ইজিবাইকযোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে ঐ ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। এসময় নারিকেল বাগান নামক স্থালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী লাটা হাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৫ ফুট গভীর খাদে পড়ে গেলে গোলাম হোসেনের স্ত্রী মনোয়ারা খাতুন (৫০), ইজিবাইক চালক মুকুলের ছেলে তালাস (১৮), জালাল হোসেনের দুই শিশু কন্যা ইলমা (৫) ও তোয়া (২) এবং নাসির উদ্দিনের দুই ছেলে নাজমুল হোসেন (২২) ও নিরব (১৮) মারাত্মকভাবে আহত হন। তাদেরকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, রাতেই স্বজনেরা মনোয়ারা খাতুনের লাশ মহেশপুর উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে চলে গেছে। আহত সকলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। দুর্ঘটনা কবলিত লাটা হাম্পারটি চিহ্নিত করে আটকের চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম
