ঢাকায় নেই শীতের তীব্রতা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানী ঢাকায় নেই শীতের তীব্রতা। এমন অবস্থা আগামী এক সপ্তাহ বিরাজমান থাকবে। তবে রাজধানীর বাইরে দেশের উত্তরাঞ্চলসহ অনেক অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো কয়েকদিন এবং তা বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় ঘনবসতি, যানবাহনের ধোঁয়া, প্রচুর দালান কোঠা এবং প্রয়োজনের তুলনায় গাছগাছালি কম থাকায় এখানে তাপমাত্রা বেশি। ফলে অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীতের তীব্রতা সেভাবে অনুভূত হয় না।

অধিদপ্তর জানায়, যখন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আসে তখন সেটাকে মৃদু শৈত্য প্রবাহ, ৮ থেকে ৬ ডিগ্রি সে: এর মধ্যে তাপমাত্রা থাকলে মাঝারি ধরনের এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে তখন তীব্র শৈত্য প্রবাহ বয়ে যায় বলে ধরা নেওয়া হয়। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি ও সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।