বয়স্কদের দেহে এন্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে মডার্নার ভ্যাকসিন

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৪:২৬

মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার পরীক্ষামূলক করোনা ভাইরাসের ভ্যাকসিন বয়স্কদের দেহে সম্ভাবনাময় প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হয়েছে। ভ্যাকসিনটির প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে এমন ফল পাওয়া গেছে বলে বুধবার জানিয়েছে কোম্পানিটি। 

জানা গেছে, প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ৫৬ থেকে ৭০ বছর বয়সী ১০ জন প্রাপ্তবয়স্ক এবং ৭১ বছর ও তার বেশি বয়সী ১০ জনের ওপর পরীক্ষামূলক টিকাটি প্রয়োগ করা হয়েছে। প্রত্যেককে ২৮ দিনের ব্যবধানে ১০০ মাইক্রোগ্রাম করে দুই ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মডার্না জানায়,  পরীক্ষায় অংশগ্রহণকারীদের শরীরের ভ্যাকসিনটির গুরুতর কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি। পরীক্ষায় দেখা গেছে অংশগ্রহণকারীদের দেহে ভাইরাস নিষ্ক্রিয়কারী এন্টিবডি তৈরি হয়েছে। গবেষকদের বিশ্বাস এই এন্টিবডি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ও টি-সেল গড়তে সক্ষম।

মডার্না আরো জানায়, তাদের ভ্যাকসিনে সৃষ্ট এন্টিবডির পরিমাণ করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া মানুষের শরীরে থাকা এন্টিবডির চেয়ে বেশি। যদিও এই পরীক্ষার ফলাফল এখনো পিয়ার-রিভিউড কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি। 

ইত্তেফাক/এআর