নাগেশ্বরীতে মাদার তেরেসাকে স্মরণ

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৫:৪২

অ্যাগনিস গঞ্জা বোজাঝিউ। যিনি মাদার তেরেসা এবং মাদার টেরিজা অধিক পরিচিত। ১৯১০ সালের ২৬ আগস্ট ম্যাসিডোনিয় প্রজাতন্ত্রের রাজধানী স্কোপিয়তে জন্মগ্রহণ করে এই মহিয়সী নারী। ২৬ আগস্ট জন্ম হলেও ২৭ আগস্ট তার ‘প্রকৃতি জন্মদিন’ মনে করতেন। কারণ এইদিন তার বাপ্তিস্ম সম্পন্ন হয়েছিল। ১৯২৮ সালে সালে তিনি আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারে আসেন। বাকি জীবন তিনি ভারতেই থেকে যান।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহিয়সী এই নারীর ১১০ তম জন্মদিন পালন করলো গোলাপ খাঁ শিশু সদন। এ উপলক্ষ্যে বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সদন প্রাঙ্গনে অতিথি ও সদনের ৮০ জন অনাথ শিশুকে নিয়ে ১১০টি মোমবাতি জ্বালিয়ে জন্মদিনের কেক কাটেন গোলাপ খাঁ ট্রাস্টের পরিচালক বিলকিছ বানু। পরে তার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান রবিউল ইসলাম খাঁন, উপদেষ্টা সহিবুর রহমান প্রধান, গোলাপ খাঁ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সব্যসাচী সাহা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৫০ সালে কোলকাতায় তিনি দ্য মিশনারিজ অফ চ্যারিটি (দাতব্য ধর্মপ্রচারক সংঘ) নামে একটি খ্রিস্ট ধর্মপ্রচারণাসংঘ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে এই সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ৪৫০০ সন্ন্যাসিনী। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্মপ্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে ‘সন্ত’ হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি ‘কোলকাতার সন্ত টেরিজা’ হিসেবে আখ্যায়িত হন। 

১৯৬৯ সালে বিবিসিতে সামথিং বিউটিফুল ফর গড শিরোনামে ম্যালকম মাগারিজের প্রামাণ্য তথ্যচিত্র প্রচারিত হলে তার দাতব্য ধর্মপ্রচারণাসংঘের কার্যক্রম পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং টেরিজার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পরে।

ইত্তেফাক/এসি