নাটোরে থামবে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৭:১১

অবশেষে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নাটোরে থামার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নাটোরে যাত্রাবিরতি করবে এই দুটি ট্রেন। এর মাধ্যমে নাটোরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। ২৩ আগস্ট এ সংক্রান্ত আদেশ জারি হয়। আদেশে স্বাক্ষর করেন রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পশ্চিম) আব্দুল আওয়াল। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর স্টেশন কর্মকর্তা অশোক চক্রবর্তী। 

এর আগে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনে যাত্রাবিরতি করতো কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর স্টেশনে ৭৯৪/৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ও ৭৯৮/৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস এবং জয়পুরহাট স্টেশনে ৭৯৩/৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের অফিশিয়াল স্টপেজ দেওয়া হয়েছে যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, এ সংক্রান্ত চিঠি না পেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা নিশ্চিত করেছেন। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটোরবাসীর দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ ও দাবি জানিয়ে আসছিলেন।

ইত্তেফাক/এসি