স্বজনের মৃত্যু সংবাদ শুনে তাকে দেখতে বাসায় ভিড় জমায় আত্মীয় স্বজন। অধিকাংশ স্বজন চলে গেলেও কয়েকজন থেকে যান। থেকে যাওয়া এই স্বজনদের অচেতন করে বাসা লুট করে গৃহকর্মী। এ যেন মরার উপর খাড়ার ঘা।
গত বুধবার রাতে রাজধানীর সবুজবাগের ৯/১ বি, দক্ষিণ রাজারবাগের বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অচেতন অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরবর্তী মিটফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- পারুল আক্তার, সেলিনা, জাহানারা বেগম, আবির, রুমানা ও নাফিজ।
ভুক্তভোগীদের স্বজন ইসমাইল হাসান জানান, রাজধানীর একটি হাসপাতালে পারুলের মা সুরাইয়া বেগমের অপারেশনের পর ২০ আগস্ট তাকে বাসায় নেওয়া হয়। তাকে দেখাশুনার জন্য লিমা (৩৫) নামে এক কাজের মেয়ে রাখা হয়। গত সোমবার দুপুরে মারা যান সুরাইয়া বেগম। মৃত্যু সংবাদ শুনে স্বজনরা বাসায় আসেন। অধিকাংশ স্বজন চলে গেলেও কয়েকজন বাসায় ছিলেন। বুধবার রাতে গৃহকর্মী লিমা তার বোনসহ আরো এক নারীকে বাসায় আনে। লিমার বোন ও ওই নারী চলে যাওয়ার পর বাসার সবাইকে রাতের খাবার দেয় লিমা। এ খাবার খেয়েই সবাই অচেতন হয়ে পড়েন। এই ফাঁকে লিমা বাসা থেকে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার সহ অনেক কিছু নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে। পরে ঢামেক হাসপাতালে পাকস্থলী পরিষ্কার করার পর মিটফোর্ট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মিটফোর্ট হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। ছয়জনেরই শারীরিক অবস্থা ভালোর দিকে।
সবুজবাগ থানার ওসি মাহবুব আলম জানান, পরিবারের সবাই হাসপাতালে রয়েছেন। তাই বাসা থেকে কী কী নিয়েছে তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/ইউবি
