আইটি সেন্টার না হওয়ায় নড়াইলে ক্ষোভ

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:৩৭

নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন প্রতিষ্ঠানটি অনুমোদন না হওয়ায় জেলা প্রশাসনের অবহেলা ও অসহযোগিতাকে দায়ী করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা ছাত্রলীগ এবং নড়াইলের সাধারণ শ্রেণি-পেশার সচেতন নাগরিক সমাজের আয়োজনে আদালত চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহম্মেদ সোহান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জল, সাধারণ সম্পাদক এস,এম পলাশ প্রমুখ। মানবন্ধন চলাকালে বক্তারা আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন নড়াইলে না হওয়ায় জেলা প্রশাসনের গাফিলতি ও দায়িত্বহীনতাকে দায়ী করেন। তারা বলেন, জমির অভাবে মাশরাফির স্বপ্ন পূরণ হবে না, তা জনগণ মেনে নেবে না। নড়াইলবাসী শেখ কামাল আইটি পার্কের এ সুযোগ হাতছাড়া হতে দেবে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনের এমপি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি নির্বাচিত হবার দুই মাস পর নড়াইলের সীমাখালী-রঘুনাথপুর মৌজায় ৫ একর জায়গার ওপর শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১৯ সালের ১৯ মে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়া স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর সুপারিশ করা একটি পত্রে আইটি সেন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের কাছে একটি চিঠি প্রেরণ করেন। কিন্ত জেলা প্রশাসন নির্ধারিত জমির কাগজপত্র দিতে না পারায় নড়াইলে আইটি সেন্টার পাশ হয়নি।   

এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ২০১৮ সালের ৩ ডিসেম্বর নড়াইলের সীমাখালী মৌজায় ৫ একর সরকারি জায়গা নির্ধারণ করে আইটি সেন্টারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। কিন্তু পরে দেখা যায় এ জায়গা নিয়ে মামলা রয়েছে। প্রথমাবস্থায় সরকারি জায়গার ওপর এটি নির্মাণের কথা বলা হলেও বর্তমানে ব্যক্তির জায়গা অধিগ্রহণ করার কথা বলা হয়েছে। আমরা এখন সরকারি এবং ব্যক্তি পর্যায়ে দুইভাবেই চেষ্টা করছি। শেখ কামাল আইটি সেন্টার স্থাপনের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি।

ইত্তেফাক/এসি