বিদেশ থেকে আমদানি করা প্রসাধনসামগ্রীর মেয়াদ উত্তীর্ণের পর নতুন তারিখ লাগিয়ে বিক্রির দায়ে এসপিএস কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার রাজধানীর ভাটারার সাঈদনগর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন চক্রের প্রধান শংকর মণ্ডল, হারুন অর রশিদ, কর্মচারী সবুজ আহমেদ, মনিরুজ্জামান ও বীরেশ্বর মণ্ডল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে এনেছে সিআইডি।
সিআইডির এ কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটি বৈধভাবে আমদানি করা Wipro, Hankel এর মতো প্রতিষ্ঠিত বিদেশি কোম্পানির প্রসাধনসামগ্রীর মেয়াদ শেষ হলে পুনরায় তারিখ পরিবর্তন করে আবার বাজারজাত করত। এ কাজের জন্য আলাদা বিদেশ থেকে অত্যাধুনিক মেশিনও আমদানি করেছে তারা। যার মাধ্যমে জালিয়াতি করলেও কোনোভাবে ভোক্তার বোঝার সুযোগ ছিল না বলেও জানায় সিআইডি। অভিযানের সময় গুদাম থেকে তারিখ পরিবর্তনের সময় Yardley এর লোশন, সাবান, পাউডার, বডি স্প্রেসহ ৬ কোটি টাকার পণ্য জব্দ করা হয়। এসব পণ্য গুলশান, বনানীসহ দেশের অভিজাত এলাকায় সরবরাহ করা হতো।
