তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষেণ করা হবে। এরপর দেশের সিনেমা হল খোলার বিষয়ে স্থির সিদ্ধান্তে আসা যাবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, এবার বাণিজ্যিক ছবি নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে। এছাড়া অনুদানের ছবি ও অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। অন্যান্য বছর ১০টি সিনেমার জন্য অনুদান দেওয়া হতো। এবার সেটা ১৬টি করা হয়েছে। তবে এর জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে, অত্যন্ত ১০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেতে হবে। তাহলে অনুদান পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমা হলগুলো উন্নয়নের জন্য অনেক আন্তরিক জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, যখনই আমি কথা বলেছি, তিনি এ ব্যাপারে নানা পরামর্শ-নির্দেশনা দিয়েছেন।
