আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশে কখন কী ঘটে বলা যায় না। এ জন্য দলের নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর জন্য সতর্ক করে দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, মনে রাখবেন দলে যদি ঐক্যকে গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ—কোন্দল থাকে তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ কোন্দলের ওপর আঘাত হানবে। এ দেশে কখন কী ঘটে বলা যায় না। চিরজীবন আমরা ক্ষমতায় থাকব এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ভাবেন না, আমরাও ভাবি না। চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট ঘটে গেছে। হঠাত্ করে একদিন ঘটে ২১ আগস্ট। ক্ষমতায় থেকে যদি দাপট দেখান, যখন ক্ষমতায় থাকবেন না তখন প্রতিপক্ষ প্রতিশোধ নেবে। হত্যা হত্যাকে ডেকে আনে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকতেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করতেন তাহলে আরেকটি খুনি চক্র জিয়াউর রহমানকে হত্যা করতে পারত না বলে আমার বিশ্বাস। যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে সেই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের যিনি পুরস্কৃত করেন, হত্যার বিচার হবে না—এমন ইডেমনিটি সংবিধানের পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেন, তাকে ওরা দাবি করছে ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’।
ওবায়দুল কাদের বলেন, সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সঙ্গে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। করোনা সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী ট্রেন্ড এ না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনোভাবেই শৈথিল্য না দেখিয়ে আরো সতর্ক থাকতে হবে। স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) বিএসএমএমইউ শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজবীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ প্রমুখ।
