শ্রীপুরে ডিশ ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১২

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০০:৪০

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

উপজেলার সীমান্তবর্তী পৌরসভাধীন শিরিরচালা ও গড়গড়িয়া নতুনবাজার বাজার এলাকায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে গত সোমবার রাতে স্থানীয় সিরাজুল ইসলাম ও হাজী জামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়। আহতরা হলো সাবেক শ্রীপুর ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম মেম্বার, ফারুক মৃধা, আবুবকর রনি, ওমর ফারুক, ইসলাম উদ্দিন, নাসির উদ্দিন, আশরাফুল ইসলাম, মোজাম্মেল হক, খলিলুর রহমান, হাফিজ উদ্দিন ও অজ্ঞাত আরো দু’জন। আহতদের শ্রীপুর সরকারি হাসপাতাল, গাজীপুর সদর সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দা, লাঠি, বল্লম নিয়ে সন্ধ্যার পর কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সিরাজ মেম্বারের মেয়ে নাসিমা জানান, অত্র এলাকায় তার বাবাই প্রথম ডিশের ব্যবসা শুরু করেন। গত দু’বছর পূর্বে জামাল হাজী ব্যবসাটি ছিনিয়ে নেয়। সোমবার পুনরায় ব্যবসাটি ফিরিয়ে দেওয়ার জন্য জামাল হাজীকে অনুরোধ করলে সে তার লোকজন নিয়ে তার নিরস্ত্র পিতা ও স্বজনদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাদের পিটিয়ে-কুপিয়ে মারাত্মক জখম করে। তবে জামাল হাজীর ভাই হাফিজ অভিযোগগুলো অস্বীকার করে বলেন, সিরাজ মেম্বার তার লোকজনদের নিয়ে তাদের বাড়িতে স্থাপন করা কন্ট্রোল রুমে হামলা করতে আসলে আমরা বাধা দেই। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমাদের উপর উল্টো হামলা চালায়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মোঃ সিরাজুল ইসলাম মেম্বারসহ আহতদের দেখতে রাতেই গাজীপুর- ৩ এর নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ গাজীপুর সরকারি হাসপাতালে যান।